রাজধানীর কদমতলীতে শ্রাবণ পরিবহনের বাসে আগুন


রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল মেডিকেলের পাশে পার্কিং করে রাখা ‘শ্রাবণ পরিবহন’-এর একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান রহমান।
তিনি জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে পার্কিং করা বাসটিতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় বাসটি পুরো পুড়ে গেছে।
বাসের চালক ও হেলপারের বরাত দিয়ে এসআই আরও জানান, রাত ১১টা ২০ মিনিটের দিকে তারা গাড়িটি রাস্তার পাশে পার্কিং করে রাতের খাবার খেতে গিয়েছিলেন। পরে ফিরে এসে দেখতে পান বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। তবে কে বা কারা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। বিষয়টির তদন্ত চলছে।




