নেত্রকোনার মদনে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

নেত্রকোনার মদন উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. গোলাপ মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।

গত ১ নভেম্বর রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে মদন পৌরসভার ৭নং ওয়ার্ডের জাহাঙ্গীরপুর মিতালী রোড এলাকায় এসআই হাসানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত গোলাপ মিয়া মৃত শামছুদ্দিনের ছেলে।

এ ঘটনায় মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা (এফআইআর নম্বর-০১, তারিখ: ২ নভেম্বর ২০২৬; জিআর নম্বর-১৬৫) রুজু করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে এবং মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button