ট্রাম্পের রিপাবলিকানরা জয়ী চারটিতে, ডেমোক্র্যাটরা পেলো ১২ আসন


যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ৪৩৫টি আসনের ভোট গণনা ও ফল প্রকাশ শুরু হয়েছে। সংবাদমাধ্যম সিএনএনের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘোষিত ১৬টি আসনের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি ৪টি আসনে এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি ১২টি আসনে জয় নিশ্চিত করেছে।
প্রতিনিধি পরিষদে মোট ৪৩৫টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য অন্তত ২১৮টি আসনে জয়ের প্রয়োজন হয়। ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টি মাত্র ৫টি আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল।
মঙ্গলবার (৩ নভেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে প্রতিনিধি পরিষদ ও সিনেটের প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাথমিক বুথফেরত জরিপ ও ফলাফল গণনায় প্রতিনিধি পরিষদের আরও ৪০টি আসনে রিপাবলিকানরা এবং ৩৫টি আসনে ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
একই সময়ে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে প্রাথমিক গণনায় ৫টি আসনে ডেমোক্র্যাটরা এবং ২টি আসনে রিপাবলিকানরা এগিয়ে রয়েছে। চূড়ান্ত গণনা অব্যাহত থাকায় সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই আসন সংখ্যার পরিবর্তন হবে।




