বিমান বাহিনীর তিন সদস্যের জানাজা সম্পন্ন, মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়ি


সরকারি কর্তব্য পালনকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ বিমান বাহিনীর তিন সদস্যের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের (কুর্মিটোলা) সি-১৩০ হ্যাঙ্গারে সামরিক মর্যাদায় মরহুমদের জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অংশ নেন। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন মরহুমদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
জানাজা শেষে মরহুম ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান পিয়াস এবং এলএসি মো. জুবাইদুল ইসলামের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়। যথাযথ সামরিক মর্যাদায় তাঁদের দাফনকার্য সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, গত সোমবার (৩১ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় কিউআরএফ (কুইক রেসপন্স ফোর্স)-এর দায়িত্ব পালনকালে বিমান বাহিনীর সদস্যদের বহনকারী একটি জিপ দুর্ঘটনায় পড়ে। এতে তিনজন নিহত হন এবং চারজন সদস্য গুরুতর আহত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। বিমান বাহিনীর পক্ষ থেকে এ মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে।




