বিএনপিকে ধ্বংস করে গণঅধিকার পরিষদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা: সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের অভিযোগ


পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপিকে ধ্বংস করে গণঅধিকার পরিষদকে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের সমর্থক নেতারা। গতকাল বুধবার সন্ধ্যায় দশমিনা উপজেলা সদর রোডের বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলীম তালুকদার, সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, রুহুল আমীন মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, দপ্তর সম্পাদক রাজিব মাস্টারসহ যুবদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী ফ্যাসিবাদের দোসর থেকে আসা গণঅধিকার পরিষদের সশস্ত্র বাহিনী দফায় দফায় হামলা চালায় এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মীকে আহত করে। বক্তারা আরও বলেন, বর্তমানে দশমিনা-গলাচিপা বিএনপির নেতৃত্ব একটি কুচক্রী মহলের হাতে জিম্মি হয়ে পড়েছে। এই মহলটি দলের নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের লুটপাট, চর দখল, জমি দখল, নদী থেকে অবৈধ বালু উত্তোলন এবং সরকারি টিউবওয়েল বরাদ্দের নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।
সংবাদ সম্মেলন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে অবিলম্বে হাসান মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের জোর দাবি জানানো হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব শাহ আলম শানু জানান, উপস্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উল্টো হাসান মামুনের সমর্থকরাই বিগত ৫ আগস্টের পর থেকে বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম পরিচালনা করেছে, যার ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুন পরাজিত হন। তিনি আরও স্পষ্ট করেন, সংসদ নির্বাচনে দলের নির্দেশ অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছে, দলে তাদের কোনো স্থান নেই।
অন্যদিকে, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন অভিযোগটি ভিত্তিহীন দাবি করে বলেন, “গণঅধিকার পরিষদ বিএনপির একটি শরিক দল, বিএনপির সাথে আমাদের কোনো বিরোধ নেই।” উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।




