বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিকবান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর, পরিবেশবান্ধব ও নান্দনিক করে তুলতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সৌন্দর্যবর্ধন কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) উত্তর শাহজাহানপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এ উদ্যোগ নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, “নগর পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণ, স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।” তিনি জানান, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য চার লাখ টাকা করে মৃত্যুজনিত ঝুঁকি ভাতা চালু করা হয়েছে এবং স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিতে প্রায় ৪২০টি হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে সিটি করপোরেশন।

নগরবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, যত্রতত্র বর্জ্য না ফেলে প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানকে নিজস্ব ডাস্টবিনে বর্জ্য সংরক্ষণ করতে হবে। নাগরিকদের সচেতনতা বাড়লে ডেঙ্গুর ঝুঁকি কমানোর পাশাপাশি ঢাকাকে দ্রুত একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য শহরে রূপান্তর করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে ও নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের মাঝে সেফটি গামবুট, হ্যান্ড গ্লাভস, হেলমেট, সেফটি গগলস, ফার্স্ট এইড বক্স, ওয়ার্নিং কোন এবং হাই-ভিজিবিলিটি ভেস্টসহ নানা সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এতে সহায়তা করায় ‘হারপিক’ ও ‘সাজেদা ফাউন্ডেশন’-কে ধন্যবাদ জানানো হয়।

উল্লেখ্য, ইতোমধ্যেই ডিএসসিসির উদ্যোগে কলাবাগান, পুরান এলিফ্যান্ট রোডের সবজি বাগান, মালিবাগ ও বুয়েট-সংলগ্ন পলাশী এলাকার এসটিএস আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিচালিত হয়েছে। অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button