নিরাপদ সড়ক নিশ্চিত করতে শিক্ষার্থীদেরও আইন মেনে চলতে হবে: কর্মশালায় বক্তারা


সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে অন্তত ১৫ শতাংশই শিক্ষার্থী। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে অবকাঠামো ও আইন প্রয়োগের পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং আইন মেনে চলা অত্যন্ত জরুরি।
সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ‘সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা’য় বক্তারা এসব কথা বলেন। জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ (প্রতিপাদ্য: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’) উপলক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-৪ এই সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে। এতে দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “জীবনে গতির দরকার, তবে জীবনকে বিপন্ন করে এমন গতি কখনোই কাম্য নয়। জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও সড়কে নিরাপদে চলাচলের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন।”
কর্মশালায় রাস্তা পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের সঠিক ব্যবহার, ট্রাফিক সিগন্যাল মেনে চলা এবং গণপরিবহনে চলাচলের নিয়মাবলি সংবলিত ভিডিওচিত্র উপস্থাপন করেন বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-৪ এর সহকারী পরিচালক (ইঞ্জি.) তন্ময় কুমার ধর।
এছাড়া কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য দেন রোড সেফটি অ্যালায়েন্স বাংলাদেশের নির্বাহী পরিচালক পার্থ সারথি দাস, গুলশান ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. কামাল উদ্দিন এবং প্রতিষ্ঠানের শিক্ষিকা শারমীন শাহনাজ।
বক্তারা উল্লেখ করেন, আজকের সচেতন শিক্ষার্থীই আগামী দিনের দায়িত্বশীল চালক, যাত্রী ও পথচারী। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সম্মিলিত প্রচেষ্টাতেই দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।




