ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করবে সরকার

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে ডেটাবেজে অন্তর্ভুক্ত করার বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। চলতি অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে এই কার্ড ও ভাতার আওতায় আনা হবে।

সোমবার (১২ অক্টোবর) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব তথ্য জানান। অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ মন্ত্রী জানান, সোমবার থেকেই দেশজুড়ে খানা বা পরিবারের তথ্য সংগ্রহের কাজ একযোগে শুরু হয়েছে। তথ্য সংগ্রহের এই কার্যক্রমে ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার মাঠে নিয়োজিত থাকবেন। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ট্যাবলেটের মাধ্যমে সরাসরি অনলাইন ডেটাবেজে এসব তথ্য যুক্ত করবেন।

মন্ত্রী আরও জানান, গত ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন। পাইলটিং পর্যায়ে দেশের আটটি বিভাগের ৪৪টি জেলার ৫৫টি উপজেলা ও সিটি করপোরেশনের ৫৭টি ইউনিটে ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করে ৭১ হাজার ৮৩১ জন যোগ্য উপকারভোগীকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়া হয়েছে। চলতি বছরের জুলাই থেকে কর্মসূচির মূল কার্যক্রমের সূচনা হয়েছে।

  • অর্থ বরাদ্দ: ২০২৬-২৭ অর্থবছরে এই কর্মসূচির জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা সরাসরি ভাতা হিসেবে ব্যয় করা হবে।

  • যেভাবে ভাতা মিলবে: বিবিএস-এর প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) স্কোরের ভিত্তিতে পরিবারগুলোকে পাঁচটি শ্রেণিতে (অতিদরিদ্র, দরিদ্র, ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত) ভাগ করা হবে। দেশের সব নারী পরিবারপ্রধান ফ্যামিলি কার্ড পেলেও পিএমটি স্কোর ৮৬০ বা তার কম পাওয়া প্রথম তিনটি ক্যাটাগরির তুলনামূলক অসচ্ছল নারী পরিবারপ্রধানদের মাসিক ভাতা প্রদান করা হবে।

  • পর্যায়ক্রমিক পরিকল্পনা: চলতি অর্থবছরে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ভাতার আওতায় আনার পর আগামী ৩ অর্থবছরে দেশের সকল যোগ্য নারী পরিবারপ্রধানদের এই ফ্যামিলি কার্ড ও ভাতার আওতায় আনা হবে।

কার্যক্রমটি সুচারুভাবে পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ এবং কর্মী নির্দেশিকা প্রণয়নসহ সিম কার্ড, সাইবার নিরাপত্তা ও এনওসি (NOC) স্থাপনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

Related Articles

Back to top button