জন্মদিনে পুতুলের নতুন উপহার ‘বেখেয়ালি মন’


আজ জনপ্রিয় সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুলের জন্মদিন। বিশেষ এই দিনে পরিবার, বন্ধু, সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই গায়িকা। তবে জন্মদিনের এই আনন্দের দিনে ভক্তদের খালি হাতে ফেরাচ্ছেন না তিনি; উল্টো নিজেই দিচ্ছেন একটি বিশেষ উপহার। প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘বেখেয়ালি মন’।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘প্রজেক্ট রেজা পুতুল’ ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হবে। নতুন এই গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন পুতুলের স্বামী সৈয়দ রেজা আলী। আর এর নান্দনিক ভিডিও নির্মাণ করেছেন রেজওয়ান সাজ্জাদ।
জন্মদিনের এই বিশেষ উপহার নিয়ে পুতুল জানান, নতুন গানটি তার জন্মদিনের সবচেয়ে বড় উপহার, যা তিনি তার প্রিয় শ্রোতা ও ভক্তদের উদ্দেশে উৎসর্গ করছেন। ক্যারিয়ারের শুরু থেকেই সবসময় মৌলিক গানে মনোযোগী এই শিল্পী আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন এই গানটিও শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নেবে।
এদিকে জন্মদিনের পরিকল্পনা নিয়ে পুতুল জানান, বিশেষ এই দিনটি তিনি পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন। ঘরোয়া পরিবেশে উদযাপনের পাশাপাশি রাতে সবাই মিলে একসঙ্গে নৈশভোজের মাধ্যমে দিনটি উদ্যাপন করবেন।
দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের মাধ্যমে সংগীতে পুতুলের পেশাদার পথচলা শুরু হয়েছিল। সেই আসরে সেরা দশে জায়গা করে নেওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নিজের স্বকীয় গায়কি দিয়ে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। শুধু গানই নয়, লেখালেখিতেও সমান সিদ্ধহস্ত সাজিয়া সুলতানা পুতুল।



