জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতি: লুট হওয়া স্বর্ণসহ গ্রেপ্তার ৫


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাপান প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত সাড়ে আট ভরি স্বর্ণালংকার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ডাকাত দলের প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে পৃথক আরেকটি অভিযানে বন্দরের একটি বিদ্যুৎকেন্দ্র থেকে লুট হওয়া আনসার সদস্যদের একটি শটগান উদ্ধারসহ ডাকাত দলের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।
পুলিশ সুপার জানান, গত ৮ জুলাই এক জাপান প্রবাসী তার পরিবার নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় ডাকাতরা তাদের গাড়ি থামিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনার পর পুলিশি অভিযানে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে ডাকাত দলের প্রধান কবির হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে লুট হওয়া সাড়ে আট ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। তবে এ মামলার আরও এক আসামি এখনো পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ২ জুলাই বন্দরের ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রে একদল ডাকাত হামলা চালিয়ে ডিউটিরত আনসার সদস্যদের কাছ থেকে দুটি শটগান লুট করে নেয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রূপগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান ফারুক হোসেন ওরফে ‘আইস ফারুক’কে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং অন্যদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।



