শাহজালালে ফ্লাই দুবাইয়ের প্লেন থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার, বাজারমূল্য ২০ কোটি টাকা


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন প্রায় ৯.৩৩ কেজি, যার আনুমানিক বাজারমূল্য অন্তত ২০ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ কামরুল হাসান।
কাস্টমস হাউস সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে কাস্টমস হাউস ঢাকার একটি যৌথ দল অন্যান্য গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ফ্লাই দুবাইয়ের ওই উড়োজাহাজে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে ফ্লাইটের একটি সিটের নিচে স্কচটেপ দিয়ে অভিনব কায়দায় পেঁচিয়ে রাখা ৮০টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় এখনো সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অপরাধীদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং চোরাচালানের অভিযোগে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।




