স্পেন: সেউতায় ৫৭ মরদেহ উদ্ধার, ফিরে যাচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা


স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় ৫০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীর প্রবেশের ঘটনায় এ পর্যন্ত অন্তত ৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাদের অধিকাংশই পানিতে ডুবে ও পদদলিত হয়ে মারা গেছেন। নিহতরা মরক্কোর ফনিদেক এলাকা থেকে সাঁতরে স্পেনে প্রবেশের চেষ্টা করছিলেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেউতা সীমান্তে সেনাবাহিনী মোতায়েন করেছে স্পেন এবং অপর পাশে নিরাপত্তা জোরদার করেছে মরক্কো। ফলে সেউতায় পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীরা আবার মরক্কোতে ফিরে যেতে শুরু করেছেন। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই প্রায় ৪৮ হাজার ৩০০ জন ফিরে গেছেন।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সেউতা সফর করে একে দেশের সার্বভৌমত্বের ওপর ‘লঙ্ঘন’ বলে আখ্যা দেন। তিনি জানান, সমুদ্রপথে আসা অভিবাসীদের সরাসরি ফেরত না পাঠানোর বিষয়ে স্পেনের সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক রায়কে মানবপাচারকারী চক্রগুলো ভুলভাবে ব্যাখ্যা করে গুজবের মাধ্যমে এ ঢল নামিয়েছে।
তবে সামরিক বাহিনীর কঠোর অবস্থান এবং খাবারের সংকটে পড়ে অনেক অভিবাসনপ্রত্যাশী সাঁতরে পুনরায় মরক্কোতে ফিরে যাচ্ছেন। ভূমধ্যসাগর তীরে অবস্থিত সেউতা ও মেলিলা ছিটমহল দুটিকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের অন্যতম পথ হিসেবে ব্যবহার করেন অভিবাসনপ্রত্যাশীরা।




