রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান সার্জিও গরের


মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে এক বার্তায় তিনি এ আহ্বান জানান।
বিশেষ দূত সার্জিও গর বলেন, “আজ আমি রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের সঙ্গে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছি। এটি বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির, যেখানে দশ লাখেরও বেশি শরণার্থী আশ্রয় নিয়েছেন।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র এই শিবিরকে সহায়তা দিয়ে আসছে এবং বিশ্বজুড়ে আমাদের অংশীদারদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন তাদের সহায়তার পরিমাণ বৃদ্ধি করেন।”
শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান সার্জিও গর।
তিন দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান মার্কিন এই বিশেষ দূত। ঢাকা সফরের প্রথম দিনে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। সফরসূচি অনুযায়ী আজ শনিবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।




