নলছিটিতে যুবককে ছুরিকাঘাত, দুই ভাইয়ের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার ছোটপ্রমহর গ্রামে মো. মোজাম্মেল হক মিন্টু নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ওয়াসিম উদ্দিন ও জসিম উদ্দিনের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার স্বজনরা।
স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ওয়াসিম উদ্দিন ও জসিম উদ্দিনের সঙ্গে মোজাম্মেল হক মিন্টুর বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে মিন্টুর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। এতে তিনি গুরুতর আহত হন।
অভিযোগকারীদের দাবি, ওয়াসিম ও জসিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগের অভিযোগ রয়েছে। বর্তমানে জামিনে বেরিয়ে তারা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতায় মোজাম্মেল হক মিন্টুর ওপর হামলা চালানো হয়েছে। হামলার উদ্দেশ্য তাকে হত্যা করা ছিল বলেও তাদের দাবি।
এদিকে অভিযুক্তদের পারিবারিক রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, তাদের বড় ভাই জামাল হোসেন স্থানীয় ইউপি সদস্য এবং আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের একটি পদে দায়িত্ব পালন করেছেন। আরেক ভাই মোস্তফা কামাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে অভিযুক্তরা এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন বলেও অভিযোগ করা হয়েছে।
তবে মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং রাজনৈতিক প্রভাব ব্যবহারের এসব অভিযোগ এ বিষয়ে অভিযুক্ত ওয়াসিম উদ্দিন জসিম উদ্দিনের সাথে ফোনে যোগাযোগ করলে তাদেরকে পাওয়া সম্ভব হয়নি
স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



