লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুস শুরু

চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে লাখো মানুষের অংশগ্রহণে আয়োজিত ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস শুরু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ষোলশহরের আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া থেকে এই শোভাযাত্রা শুরু হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ।

জুলুসটি নগরের মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, লালখান বাজার ও টাইগারপাসসহ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা মাঠে গিয়ে শেষ হবে। সেখানে মাহফিল, জোহরের নামাজ ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন উপলক্ষে ১৯৭৪ সাল থেকে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রতিবছর এই বিশালাকার ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠান উপলক্ষে নগরজুড়ে নানা তোরণ ও সবুজ পতাকায় সাজানো হয়েছে। জুলুসের শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ট্রাস্টের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী জানিয়েছেন, সমাবেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Related Articles

Back to top button