স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় ঢাকায় এক আসামি গ্রেপ্তার, ভুক্তভোগী উদ্ধার


নেত্রকোণার কেন্দুয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় অন্যতম আসামি জনিকে (২০) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় অপহৃত ১৬ বছর বয়সী স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
শনিবার (২২ আগস্ট) রাতে যৌথ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও জনিকে গ্রেপ্তার করে র্যাব-১৪ (ময়মনসিংহ) ও র্যাব-১ (উত্তরা)।
র্যাব জানায়, মূল আসামি রনি বিয়ে করতে ব্যর্থ হয়ে গত বছরের ২০ আগস্ট ওই ছাত্রীকে কোচিংয়ে যাওয়ার পথে মাইক্রোবাসে তুলে অপহরণের পর ধর্ষণ করে। এ ঘটনায় কেন্দুয়া থানায় মামলা দায়ের করা হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভুক্তভোগী পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাদের আদালতে সোপর্দ করা হবে।




