সংগঠনের ত্রুটি দূর ও কাঠামো শক্তিশালী করার প্রতিশ্রুতি রিজভীর


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দলের ত্রুটিবিচ্যুতি দূর করা এবং নেতাকর্মীদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধিতে কাজ করবেন তারা। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি জানান, মেয়াদোত্তীর্ণ জেলা ও সহযোগী সংগঠনগুলোতে নতুন কমিটি গঠন করে সংগঠনের কাঠামো শক্তিশালী করা হবে। তবে পদ হারানো নেতাদের বাদ না দিয়ে পদোন্নতির মাধ্যমে মূল দলে আনা হবে, যা নতুন নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখবে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার একটি জনকল্যাণমুখী সরকার হিসেবে পরিচালিত হচ্ছে এবং মেগা দুর্নীতির ধারা থেকে বের হয়ে প্রকৃত উন্নয়নের পরিবেশ তৈরি করছে। পাশাপাশি মহেশখালীর ভাসমান টার্মিনালের ত্রুটি মেরামত ও নতুন এলএনজিবাহী কার্গো পৌঁছানোর ফলে দেশে গ্যাস সংকট এবং লোডশেডিং লক্ষণীয়ভাবে কমেছে বলেও জানান তিনি।




