ঢাকা মেডিকেল কলেজ এলাকাকে ‘গাঁজাখোর জোন’ আখ্যা দিয়েছেন


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকা মাদক সেবন ও কেনাবেচার প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহ। তিনি বলেন, ‘মাঝে মাঝে মনে হয় ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন।’
শাহবাগ থানায় দলের ‘তৃণমূল দায়িত্বশীল মতবিনিময়’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশের আপামর মানুষের আস্থার জায়গা এই হাসপাতালে দূর-দূরান্ত থেকে রোগী এলেও এর চারপাশের পরিবেশ অত্যন্ত অনুন্নত। সরকারের জিরো টলারেন্স নীতির মুখেও রাজধানীর প্রাণকেন্দ্রে কীভাবে মাদকের এই নিরাপদ হাব তৈরি হলো—তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং অনতিবিলম্বে এটি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সভায় দেশের স্বাস্থ্যব্যবস্থার আমূল পরিবর্তনের ওপর জোর দিয়ে বলা হয়, আধুনিক যুগেও চিকিৎসার জন্য মানুষের বিদেশে যাওয়া দেশের জন্য লজ্জাজনক। শাহবাগ থানা সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নগর ও থানা পর্যায়ের অন্যান্য নেতারাও বক্তব্য দেন।




