সাংবাদিক দেবাশীষসহ ৪ জনের মরদেহের অপেক্ষায় পরিবার ও সহকর্মীরা


ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন তাদের স্বজন ও সহকর্মীরা।
১৮ আগস্ট দিবাগত রাতে সংঘটিত ওই অগ্নিকাণ্ডে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ও আগুনে পুড়ে নিহত ৯ জন বাংলাদেশির মধ্যে কুষ্টিয়ার এই চারজন অন্তর্ভুক্ত ছিলেন।
নিহতরা হলেন কুষ্টিয়ার দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শিম্মিন, দুই বছর বয়সী শিশুপুত্র শর্ণশিষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী। গত ৩ আগস্ট ভারতে চিকিৎসা ও কেনাকাটা শেষে দেশে ফেরার কথা ছিল তাদের।
কলকাতায় অবস্থানরত স্বজন ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, নিহতদের মরদেহ বর্তমানে কলকাতা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। নিউ মার্কেট থানায় প্রয়োজনীয় অনুমতিপত্র ও নথিপত্র জমা দেওয়ার পর ময়নাতদন্ত শুরু হবে। প্রক্রিয়া ও সব প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই মরদেহগুলো বাংলাদেশে পাঠানো হবে।




