এক কোরাল বিক্রি হলো ২৪ হাজারে


ভোলার মনপুরা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে এক জেলের জালে ১৬ কেজি ওজনের একটি বড় কোরাল মাছ ধরা পড়েছে। পরবর্তীতে খোলা নিলামে মাছটি ২৪ হাজার টাকায় বিক্রি করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার কলাতলী ইউনিয়নের ঢালচর মৎস্য আড়তে মাছটির নিলাম সম্পন্ন হয়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মেঘনা নদীতে স্থানীয় কামাল মাঝি দুজন জেলেকে সঙ্গে নিয়ে মাছ ধরতে নামেন। জাল টেনে তোলার পর বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে এই বিশাল কোরালটি দেখতে পান তারা। মাছটি বিক্রির জন্য রাজিব চৌধুরীর আড়তে নেওয়া হলে তা দেখতে উৎসুক জনতার ভিড় জমে। পরে আড়তের প্রকাশ্য নিলামে সর্বোচ্চ ২৪ হাজার টাকায় কোরালটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী শামিম তালুকদার।
মাছটির ক্রেতা শামিম তালুকদার জানান, সচরাচর এত বড় কোরাল মাছের দেখা মেলে না বলেই তিনি সর্বোচ্চ দামে এটি কিনেছেন। মাছটি ঢাকায় পাঠিয়ে ২৭ থেকে ২৮ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে তিনি আশাবাদী।
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জয়ন্ত কুমার অপু বলেন, সম্প্রতি নদীতে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে জেলেরা যখন হতাশ ছিলেন, তখন ১৬ কেজির এই কোরাল ধরা পড়া সবার জন্য আশার সঞ্চার করেছে। আগামী দিনগুলোতে জেলেরা নদীতে আরও বড় বড় ইলিশ ও কোরাল পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।




