বিকল্প যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ফায়ার সার্ভিস-এআরএবির যৌথ অনুশীলন


বড় ধরনের দুর্যোগে মূল যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লেও উদ্ধার কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এআরএবি) যৌথ কমিউনিকেশন এক্সারসাইজ (অনুশীলন) সম্পন্ন করেছে। ২৩ আগস্ট শুরু হওয়া তিন দিনব্যাপী এই অনুশীলন ২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, কোনো কারণে সংস্থাটির নিজস্ব যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়লে এআরএবির সদস্যরা কীভাবে বিকল্প সংযোগ পুনঃস্থাপন ও সমন্বয় করবেন, মূলত তা অনুশীলনের উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের নির্দেশনায় এই মহড়া পরিচালিত হয়।
অনুশীলনটি গত ২৩ আগস্ট সকাল ১০টায় ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান উদ্বোধন করেন। এতে উপপরিচালক মো. মামুনুর রশিদ, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন এবং এআরএবির সাধারণ সম্পাদক অনূপ কুমার ভৌমিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিন দিনে দেশের আটটি বিভাগের ১৬টি স্থানে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, তেজস্ক্রিয়তা ও ভূমিধসের মতো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হয়। ২৪ আগস্ট অনুশীলনের দ্বিতীয় দিনে মিরপুরে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সার্বিক কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। ২৫ আগস্ট সকালে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার কার্যক্রম পরিদর্শন করেন।
বিকেল সাড়ে ৩টায় মিরপুরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার (ইওসি) থেকে বিভিন্ন বিভাগের ফায়ার সার্ভিস ও এআরএবি প্রতিনিধিদের সঙ্গে সফল বেতার যোগাযোগ স্থাপন করা হয়। পরবর্তীতে জুম মিটিংয়ের মাধ্যমে অনুশীলনের সার্বিক মূল্যায়ন শেষে তিন দিনব্যাপী এই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।




