স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি : সারজিস আলম


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথমবারের মতো এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, আসন্ন নির্বাচনে কোনো জোট না করে এনসিপি এককভাবে চেয়ারম্যান প্রার্থী দেবে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সারজিস আলম এই ঘোষণা দেন।
তিনি জানান, আগামী নভেম্বর মাসের মধ্যে দেশের প্রায় ৫ হাজার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে এসব ইউনিয়নে দলের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন যে, ইতোমধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ১০০টিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। ২০২৭ সালের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ভিত্তি শক্তিশালী করার পরিকল্পনার কথা জানিয়ে তরুণদের এই নতুন রাজনৈতিক ধারায় যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন।




