মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলায় নিজ ঘর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন প্রবাসী আকরাম হোসেন (৪০), তার স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২৪) এবং তাদের দেড় বছরের শিশুকন্যা আলিজা আক্তার।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি ঘোনাপাড়া এলাকায় নিহতদের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে বিদেশ থেকে দেশে ফেরেন আকরাম। এরপর থেকেই তিনি অনেকটা ঘরবন্দি ছিলেন। শুক্রবার রাতে পরিবার নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। শনিবার সকাল থেকে ঘরের দরজা না খোলায় আকরামের মা দরজার ফাঁক দিয়ে ছেলেকে ঝুলন্ত দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে ঘরের বেড়া কেটে ভেতরে ঢোকেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ আকরামের ঝুলন্ত মরদেহ এবং তার স্ত্রী ও সন্তানের মরদেহ মেঝেতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে স্ত্রী ও সন্তানকে হত্যার পর আকরাম স্ত্রীর ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে প্রিয়াঙ্কার পরিবারের পক্ষ থেকে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু বিচার চাওয়া হয়েছে। ময়নাতদন্ত ও সার্বিক তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Back to top button