৩৪ দিনে শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে মিলল প্রায় ৮৯ লাখ টাকা

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও ডেগচি এক মাস চার দিন পর খুলে গণনা করে নগদ ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা পাওয়া গেছে। একই সঙ্গে বিভিন্ন বৈদেশিক মুদ্রা, স্বর্ণ-রুপা এবং নজরানা হিসেবে গরু-ছাগল পাওয়া গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গণনা শেষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মোট প্রাপ্ত টাকার হিসাব প্রকাশ করেন।

শনিবার সকাল ১০টায় সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান ও জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে মাজারের তিনটি ডেগচি ও পাঁচটি দানবাক্স সিলগালা খুলে প্রকাশ্যে এই গণনা কার্যক্রম শুরু হয়। সিসিক প্রশাসক জানান, নগদ অর্থের পাশাপাশি ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ এবং ইংল্যান্ড, ভারত, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, কাতার, ইউরোসহ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটির আর্থিক ব্যবস্থাপনার একটি চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হয়েছে, যা দ্রুতই বাণিজ্যমন্ত্রী গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২২ জুন, ১১ জুলাই এবং ১৫ আগস্ট প্রকাশ্যে মাজারের দানবাক্স ও ডেগচির অর্থ গণনা করা হয়।

Related Articles

Back to top button