ভোলায় আলোচিত স্বপন বাহিনীর দুই সহযোগী আটক


ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি কুখ্যাত ‘স্বপন বাহিনী’র প্রধান স্বপন ডাকাতের দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষটি নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।
আটক ব্যক্তিরা হলেন মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কলাতলি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাজিরচর গ্রামের নূর উদ্দিন রুবেল (৩৫) ও মো. বাচ্চু মিয়া (২৫)।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানার কাজিরচর এলাকায় ডাকাত স্বপন বাহিনীর সহযোগীরা ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে জানতে পেরে বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলা ও মনপুরা আউটপোস্ট। এ সময় ওই দুজনকে হাতেনাতে আটক করা হয়।
লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, আটক রুবেল ও বাচ্চু দীর্ঘদিন ধরে স্বপন বাহিনীর সঙ্গে যুক্ত থেকে এলাকায় সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অপরাধ দমনে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ২১ জুলাই টানা ১৬ ঘণ্টার অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান স্বপন ডাকাতকে ১টি দেশীয় একনলা বন্দুক ও ৮টি ধারালো অস্ত্রসহ আটক করেছিল কোস্ট গার্ড।




