৩২ বছর পর পাকিস্তানে হারিয়ে যাওয়া বরগুনার আছিয়ার সন্ধান

১৯৯৪ সালে ১৬ বছর বয়সে ঢাকার মিরপুর থেকে পাচারের শিকার বরগুনার মেয়ে আছিয়ার (৪৮) দীর্ঘ ৩২ বছর পর পাকিস্তানে সন্ধান পাওয়া গেছে।


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে সন্ধান পাওয়ার পর বর্তমানে প্রতিদিন মোবাইল ফোনে ৯৫ বছর বয়সী বৃদ্ধ বাবা তমিজ উদ্দিনের সঙ্গে ভিডিও কলে কথা হচ্ছে তার।

জীবিকার তাগিদে বরগুনা থেকে ঢাকায় এসে বসবাস শুরুর পর ১৯৯৪ সালে ঢাকায় নিখোঁজ হন আছিয়া। চক্রের প্রলোভনে পড়ে প্রথমে ভারত ও পরে পাকিস্তানের মোজাফফর নগরে তাকে বিক্রি করে দেওয়া হয়। সেখানে বিয়ে হয়ে বর্তমানে তিনি ৭ সন্তানের জননী। এক বছর আগে স্বামী মারা যাওয়ার পর তিনি বাবার পরিচয় উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট দেন, যা দেখে বরগুনার স্বজনরা তাকে শনাক্ত করেন।

হারিয়ে যাওয়ার শোক নিয়ে মা মারা গেলেও বিছানায় শয্যাশায়ী ৯৫ বছর বয়সী বৃদ্ধ বাবা তমিজ উদ্দিন মৃত্যুর আগে একবারের জন্য হলেও মেয়েকে কাছে পেতে চান। একইভাবে আছিয়াও সরকারের সহযোগিতায় বাংলাদেশে ফিরতে আকুল আবেদন জানিয়েছেন।

বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার জানান, আছিয়ার যদি বাংলাদেশের জন্ম নিবন্ধন বা নাগরিকত্ব সনদ থাকে, তবে পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস পেতে পারেন। অন্যথায় বাংলাদেশে থাকা স্বজনরা জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলে মন্ত্রণালয় বিদ্যমান নীতিমালা অনুযায়ী তাকে ফিরিয়ে আনার পরবর্তী পদক্ষেপ নেবে।

Related Articles

Back to top button