শাহী বিফ কোরমা তৈরির রেসিপি জেনে নিন


হয় না এমন যে হঠাৎই একটু ভালো-মন্দ খেতে ইচ্ছা হয়? একেকদিন হুট করেই মনে হয়, নিজের জন্য কিছু করা যাক! অবশেষে ঘুরেফিরে তা রান্নায় এসে থামে। পরিচিত রান্নাটাই তখন একটু এদিক-সেদিক করে তৈরি করে ফেলতে ইচ্ছা করে ভিন্ন কিছু। নিজের হাতের অসাধারণ রান্না খেয়ে তখন আরেকবার নিজেরই প্রেমে পড়া। স্বাদে চোখ বন্ধ হয়ে আসে, নিজের কাঁধেই চাপড়ে দিয়ে বলতে ইচ্ছা করে, খুব ভালো রেঁধেছিস তো! হ্যাঁ, এটা আপনি। এটা আমি। এটা আমরা প্রায় প্রত্যেকেই।
ফ্রিজে একবার উঁকি দিয়ে দেখতে পারেন অল্পস্বল্প গরুর মাংস আছে কি না। থাকে তো আজকের ডিনারেই রেঁধে ফেলতে পারেন শাহী বিফ কোরমা। তার সঙ্গে নাহয় ঝরঝরে পোলাও করলেন, সঙ্গে সালাদ আর খুব বেশি ঝামেলা মনে না করলে কাবাব। ব্যাস, আজকে নাহয় নিজের দাওয়াতে নিজেই হয়ে উঠলেন অতিথি! চলুন তবে তার আগে জেনে নিই রান্না করতে কী লাগছে আর কীভাবেই বা রান্না করবেন-
তৈরি করতে যা লাগবে:
-
গরুর মাংস – ২ কেজি
-
হলুদ গুঁড়া – ১ চা চামচ
-
পেঁয়াজ কুচি – দেড় কাপ
-
আদা বাটা – ২ টেবিল চামচ
-
রসুন বাটা – ২ চা চামচ
-
টক দই – ১ কাপ
-
ধনিয়া গুঁড়া – ২ চা চামচ
-
জিরা গুঁড়া – ২ চা চামচ
-
কাঁচা মরিচ – স্বাদমতো
-
কিশমিশ – একমুঠো
-
গরম মশলা গুঁড়া – দেড় চা চামচ
-
ঘি – ৩ টেবিল চামচ
-
তেল – আধা কাপ
-
মাওয়া – ২ টেবিল চামচ
-
গোলাপজল – ১ টেবিল চামচ
যেভাবে তৈরি করবেন: রান্নার হাঁড়িতে তেল ও ঘি দিয়ে তাতে পেঁয়াজ কুচি ভেজে নিন। এবার তাতে মাংস দিয়ে তার সঙ্গে অন্যান্য মশলা দিয়ে দিতে হবে। ভালোভাবে কষিয়ে তাতে পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। অল্প আঁচে রান্না করতে হবে যতক্ষণ না সেদ্ধ হয়। তবে চুলার আঁচ বেশি দেওয়া যাবে না, তাতে মাংস শক্ত হয়ে যেতে পারে। সেদ্ধ হয়ে ঝোল শুকিয়ে উপরে তেল ভেসে উঠলে তাতে কিশমিশ ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন।




