বাড্ডায় ডিবির সাথে গোলাগুলি, ডাকাত সদস্য গুলিবিদ্ধ, অস্ত্র-গুলি উদ্ধার


রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগরে গোয়েন্দা (ডিবি) পুলিশের সাথে গোলাগুলিতে মো. এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০) নামের এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে আফতাবনগরের এম-ব্লকের ৫ নম্বর সেক্টরের ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। পরে রাতে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযানে থাকা গুলশান ডিবির পরিদর্শক আনোয়ার জানান, ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা সেখানে রাত সাড়ে ৮ টার দিকে অভিযান চালান। ডিবির উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্য পাভেল নিজের পিস্তল বের করে তাদের লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। আত্মরক্ষা ও জানমালের নিরাপত্তায় তারা পাল্টা এক রাউন্ড শর্টগানের গুলি ছুড়লে পাভেলের ডান পায়ের হাঁটুর নিচে বিদ্ধ হয়। পরে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আহত অবস্থায় পাভেলকে উদ্ধার করে রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
আহত পাভেল ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বাকেরগঞ্জ গ্রামের আবু সাদেক সর্দার বাদলের ছেলে। সে বর্তমানে রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকায় বসবাস করছিল। এ ঘটনায় বাড্ডা থানায় মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




