মেঠোপথ পেরিয়ে সাইকেলে স্কুলে, বদলে যাচ্ছে চরটেকীর মেয়েদের স্বপ্ন


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নদীবেষ্টিত চরাঞ্চল চরটেকীর আঁকাবাঁকা মেঠোপথ ধরে প্রতিদিন শত শত ছাত্রী বাইসাইকেল চালিয়ে স্কুলে যায়।
কাঁচা রাস্তা ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার সমস্ত বাধা পেছনে ফেলে ‘চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের’ এই শিক্ষার্থীরা এখন শিক্ষা ও আত্মবিশ্বাসের নতুন বার্তা ছড়িয়ে দিচ্ছে। স্থানীয়ভাবে তারা আজ ‘সাইকেল বালিকা’ নামে পরিচিতি লাভ করেছে।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৫০০-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে এবং প্রতিবছর পাবলিক পরীক্ষায় সেরা সাফল্য বজায় রাখছে। চরাঞ্চলের দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীরা সাইকেলকে যাতায়াতের প্রধান বাহন হিসেবে বেছে নেয়। দূরদূরান্ত থেকে আসা এই ছাত্রীদের সাইকেল চালানো একদিকে যেমন সময় ও কষ্ট বাঁচাচ্ছে, অন্যদিকে বাড়াচ্ছে আত্মবিশ্বাস।
শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, কুসংস্কার পেছনে ফেলে শিক্ষার আলো ছড়াতে সাইকেল এখন তাদের অন্যতম ভরসা। তবে বর্ষাকালে কাদা ও কাদাযুক্ত কাঁচা রাস্তার কারণে যাতায়াতে তাদের কিছুটা বেগ পেতে হয়। এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস জানান, মেয়েদের সাইকেল চালিয়ে স্কুলে আসার এই উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়। একই সাথে চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।




