‘তারেক রহমান আমার আদর্শ, তার সহায়তায় স্বপ্ন পূরণ হচ্ছে’


মেধা ও কঠোর পরিশ্রমের জোরে সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ে শতভাগ স্কলারশিপ পেয়েও আর্থিক অসংগতির কারণে বিদেশে পড়তে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল বগুড়ার রিকশাচালকের সন্তান নাজমুল হাসানের। তবে শেষ পর্যন্ত তার সেই স্বপ্নের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে রিকশাচালক বাবা মো. আয়নাল হককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তার উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং একজন দক্ষ বিশেষজ্ঞ হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করার তাগিদ দেন।
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের সন্তান নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক। সম্প্রতি তিনি সুইডেনের University of Skövde-এ মাস্টার্স ইন বায়োসায়েন্সে শতভাগ টিউশন ফি মওকুফসহ পূর্ণ বৃত্তি পান। কিন্তু বিমানভাড়া, আবাসন ও প্রাথমিক জীবনযাত্রার খরচ বহন করার মতো আর্থিক সামর্থ্য তার পরিবারের ছিল না।
বিষয়টি স্থানীয় চিকিৎসক ও প্রধানমন্ত্রীর সহকারী চিকিৎসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করা হলে তিনি সহায়তার হাত বাড়িয়ে দেন। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাজমুল বলেন, “ছোটবেলা থেকেই তারেক রহমান আমার আদর্শ। তিনি যদি এই কঠিন সময়ে পাশে না দাঁড়াতেন, তবে হয়তো উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়ন হতো না।”
প্রধানমন্ত্রীর এই সমর্থনে নিজের অদম্য মেধার জোরে বিদেশে উচ্চশিক্ষায় পাড়ি দেওয়ার সুযোগ পাচ্ছেন এই শিক্ষার্থী।




