সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়া বাদ, ট্রাম্পকে শারার ধন্যবাদ


যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম আনুষ্ঠানিকভাবে বাদ পড়ায় উচ্ছ্বাস প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা।
সোমবার এক বিবৃতিতে তিনি সিরিয়ার জনগণের পক্ষ থেকে ট্রাম্প এবং সহায়তাকারী মিত্র দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি উল্লেখ করেন, সিরিয়া তার বেদনাদায়ক অতীত পেছনে ফেলে এখন উন্নয়ন, পুনর্গঠন ও নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছে।
মার্কিন বিধি অনুযায়ী ৪৫ দিনের আবশ্যিক পর্যালোচনা শেষে সোমবার সিরিয়াকে তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। এর আগে গত ৮ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন কংগ্রেসে এ সংক্রান্ত সুপারিশ পাঠ্য করেছিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ থেকে মুক্ত থাকার বিষয়ে প্রেসিডেন্ট শারার সুনির্দিষ্ট অঙ্গীকার ও পদক্ষেপের স্বীকৃতি হিসেবেই ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, ১৯৭৯ সালে হাফেজ আল আসাদের আমলে সিরিয়াকে এই কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং পরবর্তীতে তাঁর ছেলে বাশার আল আসাদের ২৪ বছরের শাসনামলেও এই তকমা বহাল ছিল। ২০২৪ সালে এক অভ্যুত্থানে বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির শাসনভার বদলায়। প্রায় চার দশক ধরে এই তালিকায় থাকার কারণে মার্কিন বৈদেশিক সাহায্য, আন্তর্জাতিক আর্থিক লেনদেন, প্রতিরক্ষা সামগ্রী কেনাবেচা ও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সিরিয়া চরম নিষেধাজ্ঞার মুখোমুখি ছিল।




