ভারতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর খুন, পরিবারে শোকের মাতম


ভারতের উত্তরপ্রদেশের কাসুম্ভি বিভাগের একটি গ্রামে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রেমিকার পরিবারের পিটুনিতে প্রাণ হারিয়েছে ১৯ বছর বয়সী এক কিশোর।
গত শুক্রবার (১০ জুলাই) রাতে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, নিহত কিশোরের নাম শিব প্রসাদ। মহুয়া খাদা নামের ওই গ্রামে বসবাসকারী এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার রাতে সে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে ওই গ্রামে যায়। এ সময় তরুণীর পরিবারের সদস্যরা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে তরুণীর বাবা, মা এবং দুই ভাই মিলে লোহার রড, কুড়াল ও বল্লম দিয়ে শিব প্রসাদকে নৃশংসভাবে মারধর ও জখম করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহতের মা কুন্তি দেবী জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় শিব প্রসাদ কারও কাছ থেকে ৫০ হাজার টাকা আনার কথা বলেছিল। এরপর মধ্যরাতে হঠাৎ সে তার মাকে ফোন করে আকুতি-মিনতি জানিয়ে বলে, “মা আমাকে এসে বাঁচাও। ওরা আমাকে মেরে ফেলবে।” শিব প্রসাদের মাথায় গুরুতর আঘাত করার কারণেই তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তাঁর মা।
সদর পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট শিবাঙ্ক সিং জানান, গত ১০ জুলাই ভোর ৬টার দিকে শিব প্রসাদের বাবা বাধন লোধী থানায় এসে তরুণীর বাবা রাকেশ লোধীর বিরুদ্ধে হামলার অভিযোগ করেন।
পুলিশি তদন্তে জানা যায়, শিব প্রসাদের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল এবং ঘটনার রাতে সে দেখা করতেই সেখানে গিয়েছিল। এ সময় বাধা দিতে গেলে নিজের পরিবারের সদস্যদের হাতে ওই তরুণীও মারধরের শিকার হয়। তবে বর্তমানে সে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
পুলিশ জানিয়েছে, এই মারধর ও হত্যাকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তরুণীর পরিবারের দুজনকে আটক করেছে পুলিশ এবং শিব প্রসাদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



