ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে বুধবার (২৬ আগস্ট) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের যাত্রাবিরতি করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক।

বিমানবন্দরে রাজাকে স্বাগতম জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত প্রায় এক ঘণ্টার এই সাক্ষাতে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানান ভুটানের রাজা। জবাবে রাষ্ট্রপতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাজপরিবারকে শুভেচ্ছা জানান।

বৈঠকে উভয় নেতা নিজ নিজ দেশে সফরের জন্য পরস্পরকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ হিসেবে ভুটানের ঐতিহাসিক অবদান এবং সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুকের মমত্ববোধের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলোচনায় ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর তাগিদ দেন এবং তাঁর মেগা উদ্যোগ ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে ধারণা দেন।

রাষ্ট্রপতি প্রকল্পটির প্রশংসা করেন এবং আঞ্চলিক সমৃদ্ধির স্বার্থে একসাথে কাজ করার আগ্রহ জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত অবস্থান শেষে সকাল সাড়ে ৬টায় ভুটানের রাজা বিশেষ বিমানে থিম্পুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

Related Articles

Back to top button