আইনের শাসন নিশ্চিত করে আহত, শহীদ পরিবার ও দেশের মানুষের নিরাপত্তা দিন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অভিযুক্তদের নিরাপত্তা না দিয়ে দ্রুত গণঅভ্যুত্থানে আহতদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


দেশে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম না দেখতে চাওয়ার কথা জানিয়ে তিনি অবিলম্বে আইনের শাসন প্রতিষ্ঠা করে আহত, শহীদ পরিবার ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সোমবার (৩ আগস্ট) রাজধানীতে ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, শহীদ পরিবারের পুনর্বাসন, হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের যে প্রত্যাশা ছিল, তার অধিকাংশই এখনো পূরণ হয়নি।

তিনি জানান, গণভোটে জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। তাই দ্রুত এটি বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব, তা না হলে জনগণের সঙ্গে সরকারের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে।

পুলিশ ও প্রশাসনের সংস্কারের ওপর জোর দিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় বিভিন্ন এলাকায় সহিংসতার সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আহত ও শহীদ পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে।

সরকারি দপ্তরে আহত ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি অবহেলা বন্ধের আহ্বান জানিয়ে এনসিপি নেতা হুঁশিয়ার করেন— জুলাই সনদ বাস্তবায়ন, হত্যাকাণ্ডের বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button