অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ

বাস শ্রমিকদের মারধর এবং মহাসড়কে অবৈধ মাহিন্দ্রা চলাচল বন্ধের দাবিতে বরিশালে ফের বাস ধর্মঘট ও সড়ক অবরোধ শুরু করেছেন নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকরা।

এর ফলে ঢাকা-বরিশাল মহাসড়কসহ অভ্যন্তরীণ সব রুটে বাস ও অন্যান্য যান চলাচল বন্ধ রয়েছে, যা সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে রহমতপুর এলাকায় একটি অভ্যন্তরীণ বাসের চালক ও হেলপারকে মাহিন্দ্রা শ্রমিকরা মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে হাসান নামে এক বাস শ্রমিক গুরুতর আহত হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার প্রতিবাদে শ্রমিকরা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে ধর্মঘট শুরু করেন।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন জানান, বাস শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং মহাসড়কে মাহিন্দ্রা চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের এই বাস ধর্মঘট চলবে।

উল্লেখ্য, আগের দিন সোমবারও (২৪ আগস্ট) বানারীপাড়ার শিমুলতলায় বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের কারণে প্রায় তিন ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। আলোচনার মাধ্যমে তা সমাধানের উদ্যোগ নেওয়া হলেও পরদিন পুনরায় এই হামলার ঘটনা ঘটে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানিয়েছেন, তিনি উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করছেন। এদিকে দীর্ঘ সময় ধরে দূরপাল্লা ও অভ্যন্তরীণ যান চলাচল বন্ধ থাকায় টার্মিনালে আটকে থাকা সাধারণ যাত্রীরা দ্রুত বিরোধ নিষ্পত্তির দাবি জানিয়েছেন।

Related Articles

Back to top button