অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রঞ্জন বর্মন (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।


শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গড়েয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশাটি গড়েয়া এলাকা থেকে ঠাকুরগাঁও জেলা সদরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও মোটরসাইকেলে থাকা যাত্রীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক রঞ্জন বর্মনকে মৃত ঘোষণা করেন। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন মারা গেছেন এবং ৫ জন আহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনার বিস্তারিত তথ্য ও আইনি বিষয়টি খতিয়ে দেখছে।

Related Articles

Back to top button