৮০০ আলেমকে নিয়ে মাদকবিরোধী সভা, খুতবায় সচেতন করার আহ্বান প্রতিমন্ত্রীর


মাদকের বিস্তার রোধ ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও আলেম-ওলামাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান। তিনি বলেছেন, প্রশাসনের পাশাপাশি ধর্মীয় নেতাদেরও এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মসজিদের খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে তরুণ ও যুবসমাজকে এই করাল গ্রাস থেকে দূরে রাখতে তাদের কাজ করতে হবে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিকমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী ওলামা দল মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, মেহেন্দিগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ইমাম ও মুয়াজ্জিনসহ প্রায় ৮০০ জন আলেম-ওলামা এই আলোচনা সভায় অংশ নেন। মাদকের প্রভাব ও বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই ছিল এই সভার মূল লক্ষ্য।
মাদকবিরোধী জনসচেতনতা তৈরিতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজে। এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় ধরনের হুমকি।’ তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষের সঙ্গে ইমাম ও মুয়াজ্জিনদের নিয়মিত নিবিড় যোগাযোগ থাকে। তাই ধর্মীয় বয়ান ও সামাজিক সচেতনতার মাধ্যমে তারা পরিবার ও তরুণ সমাজের মাঝে মাদকবিরোধী মনোভাব গড়ে তুলতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
সভায় মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি সমাজে নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় ইমাম-ওলামাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখা বিএনপি, জাতীয়তাবাদী ওলামা দল এবং ইমাম-মুয়াজ্জিন সমিতির নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক ধর্মীয় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।




