সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী তারেক রহমান

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের প্রতিটি নাগরিককে ‘বাংলাদেশি’ হিসেবে বিবেচনা করার প্রতি গুরুত্বারোপ করেছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত এক শুভেচ্ছা ও মিলনোৎসবে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনও বক্তব্য রাখেন।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “এই দেশ আপনার, এই দেশ আমার। আমরা সকলে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটিকে গড়ি।” তিনি জোর দিয়ে বলেন, ধর্ম ব্যক্তিগত হতে পারে, কিন্তু রাষ্ট্র সবার। এই রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রেরই সাংবিধানিক দায়িত্ব।

জাতির ইতিহাস ও ত্যাগের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যখন মানুষ স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে ঝাঁপিয়ে পড়েছিল, তখন কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ বা খ্রিষ্টান—তা কেউ জিজ্ঞেস করেনি। পরবর্তীকালে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণ–অভ্যুত্থানেও সব ধর্মের মানুষ এক হয়ে রাজপথে নেমেছিল। ওসমানী উদ্যানে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় রক্ত দেওয়া শহীদদের মধ্যেও সব ধর্মের মানুষ ছিলেন।

দেশের সামগ্রিক উন্নয়ন ও পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আসুন, আমরা একে অপরকে মানুষ এবং এই দেশের সমান অধিকারপ্রাপ্ত নাগরিক হিসেবে বিবেচনা করি। নিজেদের বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব।” বক্তব্যে তিনি দেশের সব সনাতন ধর্মাবলম্বী নাগরিককে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান।

Related Articles

Back to top button