জেলেনস্কি যুদ্ধের অবসান চান না, কখনোই চাননি: ট্রাম্প


রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চান না বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই কড়া মন্তব্য করেন।
ট্রাম্প লিখেছেন, তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার চেষ্টা করছেন এবং তাতে ‘বড় ধরনের অগ্রগতি’ হচ্ছে। তবে এতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “জেলেনস্কি এতে মোটেও তোয়াক্কা করছেন না। ইউরোপ থেকে বিপুল পরিমাণ অর্থ সহায়তা পাওয়ার কারণে তিনি সম্ভবত এই যুদ্ধ থামাতেই চান না, আর কখনোই চাননি।”
রাশিয়ার ওপর থেকে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল বা স্থগিত করার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি রাশিয়া ও ইউক্রেনের মাঝে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছি এবং এমন কোনো পদক্ষেপ নিতে চাই না যা রাশিয়াকে আলোচনার টেবিল থেকে দূরে সরিয়ে দেবে।” উল্লেখ্য, নির্বাচনের আগে বিশ্ববাজারে সরবরাহ বাড়িয়ে জ্বালানি তেল ও গ্যাসের দাম কমানোর লক্ষ্যে ট্রাম্প সম্প্রতি রাশিয়ার ডিজেলের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিলের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যা কিয়েভ ও তার মিত্রদের হতবাক করেছে।
এছাড়া ট্রাম্প অভিযোগ করেন, আগামী ৩ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান পার্টিকে রাজনৈতিক চাপে ফেলার উদ্দেশ্যে ইউক্রেন ইচ্ছা করে রাশিয়ার ডিজেল শোধনাগারগুলোতে ড্রোন হামলা চালাচ্ছে। কারণ বিশ্ববাজারে তেলের দাম বাড়লে তা মার্কিন নির্বাচনে তাঁর দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। ট্রাম্পের দাবি, জেলেনস্কি জেনেবুঝেই এই হামলাগুলো চালাচ্ছেন যা আন্তর্জাতিক ডিজেল বাজারে চরম আঘাত হানছে।




