ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত করবেন না: প্রধানমন্ত্রী তারেক রহমান


১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মতো চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকেও বিতর্কিত না করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন ও পূজারিদের সঙ্গে কুশল বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর রংপুর বিভাগে এটিই ছিল তাঁর প্রথম সফর।
পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা দেখেছি ইতিপূর্বে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধকে কেউ একজন বিতর্কিত করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ তা ভালো চোখে দেখেনি। ঠিক একইভাবে চব্বিশের ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থান, সেটাকেও কোনো কোনো মহল বিতর্কিত করার চেষ্টা করছে। আমি স্পষ্ট করে বলতে চাই—দয়া করে কেউ এই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করবেন না।”
সংসদে মতামত তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জনগণের ভোটে সংসদ গঠিত হয়েছে। আপনাদের যদি কিছু বলার থাকে, তবে সংসদে গিয়ে কথা বলুন।”
অতীতের রাজনৈতিক আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন করার সময় বা পরবর্তীতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সকল ধর্ম, বর্ণ ও পেশার মানুষ এক হয়ে রাজপথে নেমেছিল। দুই-আড়াই বছর আগের গণঅভ্যুত্থানেও স্বৈরাচার তাড়াতে দল-মত ও ধর্ম নির্বিশেষে সকলের সম্মিলন ঘটেছিল।
সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেন, “এই দেশটি হাজার বছর ধরে সকল ধর্মের মানুষকে নিয়ে শান্তিতে এগিয়ে চলেছে। আগামীতেও আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই এবং প্রত্যাশিত বাংলাদেশ গঠনে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।”
সরকারের উন্নয়ন ও বৈষম্যহীন নীতি তুলে ধরে তারেক রহমান বলেন, “বর্তমান সরকার এমন একটি সরকার হতে চায়, যা ভোটদাতাদের পাশাপাশি যারা ভোট দেয়নি তাদেরও সরকার। আমরা প্রতিটি অঞ্চলের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে সমবণ্টনের মাধ্যমে সমউন্নয়ন নিশ্চিত করতে চাই।” তিনি রাজনীতিতে পরিবর্তনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এবং সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী।
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের উন্নয়নের জন্য ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।
এর আগে দুপুর ১২টার দিকে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে চড়ে মন্দিরে পৌঁছান এবং উপস্থিত সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সফরসূচি অনুযায়ী রংপুর পরিদর্শন শেষে তিনি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন।




