শীতলক্ষ্যায় বিএনপির উদ্যোগে নৌকা বাইচ, উৎসবে মাতল কাঞ্চন


নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচকে কেন্দ্র করে উল্লাসে মেতে উঠেছেন কাঞ্চনের মানুষ। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার কাঞ্চন পৌর এলাকায় কাঞ্চন পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এই উৎসবমুখর নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করা এবং সাধারণ মানুষের বিনোদনের সুযোগ তৈরি করার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিমুলিয়া ঘাট থেকে শুরু হয়ে কাঞ্চন বাজার ঘাট পর্যন্ত নির্ধারিত এলাকায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতা দেখতে নদীর দু’পাড়ে রূপগঞ্জ ও আশেপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষের ঢল নামে। প্রতিযোগিতায় ছোট-বড় মিলিয়ে মোট ২৫টি নৌকা অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
তিনি বলেন, নৌকা বাইচ আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রধান অঙ্গ। এ ধরনের উৎসবমূলক আয়োজন নতুন প্রজন্মের কাছে আমাদের শিকড় ও সংস্কৃতিকে পরিচিত করার পাশাপাশি জনসাধারণের নির্মল বিনোদনের সুযোগ তৈরি করে। কাঞ্চনবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার হিসেবে মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশন বিতরণ করেন। অনুষ্ঠানকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাভিত্তিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




