বাগেরহাটে নসিমন ও দুই মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৬


বাগেরহাটের মোরেলগঞ্জে নসিমন ও দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) রাতে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কালিকাবাড়ি এলাকার লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের মো. আমিন খান (২৩) এবং একই গ্রামের সোহেব (১৬)।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. সিফাত খান জানান, দুর্ঘটনার পর হাসপাতালে আনা ৯ জনের মধ্যে ৩ জন আগেই মারা যান। আহতদের মধ্যে ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাববাহী নসিমন ও দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




