বৌ-ভাতের আয়োজনে চুরির গরু জবাই, বরের বাবা গ্রেপ্তার


গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোরাই গরুর মাংস দিয়ে ছেলের বৌ-ভাতের অনুষ্ঠান আয়োজনের অভিযোগে বরের বাবা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বকশিচর গ্রামে। পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া গরুর মাংস, মাথা, চামড়া ও পা জব্দ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের বৌ-ভাতের অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার গভীর রাতে একটি বড় আকারের গরু জবাই করা হয়।
অন্যদিকে একই রাতে পার্শ্ববর্তী পশ্চিম মাস্তা গ্রামের শহিদুল ইসলামের গোয়ালঘরের তালা ভেঙে এক লাখ টাকা মূল্যের একটি গরু চুরি হয়। গরুর মালিক ও স্থানীয়রা জমির ওপর দিয়ে গরুর পায়ের ছাপ অনুসরণ করে রফিকুলের বাড়িতে গিয়ে জবাই করা গরুর মাংস কাটার দৃশ্য দেখতে পান।
এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি এবং একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে, যাতে গরুর মালিকের ভাতিজা আহত হন। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুলকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায়।




