বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ


দুই মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় নতুন বাজার সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা।
শিল্প পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বারবার ডেট দিয়েও বকেয়া বেতন পরিশোধ না করা এবং কারখানা বন্ধের নোটিশ দেওয়ার কারণে শ্রমিকদের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়। আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের অভিযোগ, চলতি মাসের ১০ তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও ২২ তারিখ পর্যন্ত তা দেওয়া হয়নি, যার ফলে তারা বাসা ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দোকান বাকি পরিশোধে চরম সংকটে পড়েছেন।
বিক্ষোভের একপর্যায়ে বেলা পৌনে ১২টার দিকে হানিওয়েল গার্মেন্টসের শ্রমিকরা পার্শ্ববর্তী পি.এন নিট কম্পোজিট লিমিটেডের সামনে গিয়ে ওই কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানায়। এ সময় শিল্প পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে শ্রমিকদের বাগবিতণ্ডা তৈরি হয়। পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। পরে তারা পার্শ্ববর্তী অন্য একটি কারখানায় হামলার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক থেকে তাদের সরিয়ে দেয়। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশের পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) মোতায়েন রাখা হয়েছে।




