ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলার কারাবন্দির মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় জেলা কারাগারে বন্দি মাদক মামলার এজাহারভুক্ত এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হাসপাতালে তিনি মারা যান।

মৃত ব্যক্তির নাম আসাদুজ্জামান শেখ (৪২)। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট মুন্সীপাড়া গ্রামের বাসিন্দা গোলাম সরোয়ারের ছেলে। গত ৬ সেপ্টেম্বর ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করেছিল মধুখালী থানা পুলিশ। পরদিন ৭ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

জেলা কারাগার সূত্রে জানা যায়, আসাদুজ্জামান অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও কিডনিজনিত জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৩ সেপ্টেম্বর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসা শেষে ১৫ সেপ্টেম্বর কারাগারে ফিরিয়ে আনা হয়। পরবর্তীতে ২১ সেপ্টেম্বর আবারও মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রেসার কমে যাওয়া ও শারীরিক অবনতির কারণে তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল।

ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার শওকত হোসেন মিয়া জানান, মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

Related Articles

Back to top button