মাদরাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদরাসায় যাওয়ার পথে ২১ বছরের এক তরুণীকে কৌশলে একটি বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সরিষা মারুয়াখালী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— শাহিন মিয়া (৩৬), রুবেল (৪২) ও রেজাউল করিম জয় (২২)। পুলিশ জানায়, গ্রেপ্তার শাহিন মিয়ার বাড়িতেই ধর্ষণের এই ঘটনাটি ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টার দিকে ওই তরুণী মাদরাসার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে আসামি শাহিন মিয়া ও তার সহযোগীরা কৌশলে তাকে নিজ বসতঘরে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভুক্তভোগীর পক্ষ থেকে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, ধর্ষণের মামলায় গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হলে তাদের বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।




