মধ্যরাতে ২ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান। সোমবার (৬ জুলাই) মধ্যরাতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই হামলা চালায়। দুই মার্কিন কর্মকর্তার বরাতে মঙ্গলবার (৭ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ‘এক্সিওস’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক মার্কিন কর্মকর্তা জানান, ইরানি হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কাছে মন্তব্যের অনুরোধ জানালেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম সংস্থা (ইউকেএমটিও) মঙ্গলবার ভোরে জানায়, ওমানের লিমা থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে দক্ষিণমুখী যাত্রার সময় একটি ট্যাংকারের বাম পাশে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতি হয়নি।
আক্রমণের শিকার হওয়া জাহাজগুলোর মধ্যে একটি হলো কাতারের এলএনজি শিল্পের অঙ্গপ্রতিষ্ঠান ‘নাকিলাত’-এর মালিকানাধীন ও পরিচালিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) ট্যাংকার ‘আল রেকায়াত’। প্রজেক্টাইলটি জাহাজটির বাম পাশে ইঞ্জিন রুমের ওপরের অংশে আঘাত হেনেছে বলে জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ (ডব্লিউএসজে) জানিয়েছে, ওমান উপসাগরে হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থানকালে জাহাজটি হামলার শিকার হয়। হামলার ফলে ইঞ্জিন রুমে আগুন লেগে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। বর্তমানে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ণয় করা সম্ভব না হলেও জাহাজটির সব নাবিক নিরাপদে জাহাজের ডান পাশে একত্রিত হতে পেরেছেন।
ওয়াল স্ট্রিট জার্নাল একটি অডিও রেকর্ডিংয়ের সূত্র ধরে জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকেই ইরানের বিপ্লবী গার্ড সামুদ্রিক রেডিওর মাধ্যমে ওই অঞ্চলের জাহাজগুলোকে সতর্কবার্তা পাঠিয়েছিল। রেডিও বার্তায় তারা বলেছিল, ‘নির্দেশনা অমান্য করলে আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আপনাদের লক্ষ্য করে হামলা চালাতে প্রস্তুত।’
সূত্র: রয়টার্স



