কক্সবাজারে পাহাড়ধসের ঝুঁকি: কার্যকর পদক্ষেপের দাবি এবি পার্টির

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আটজন এবং কক্সবাজার শহরে সংঘটিত ভয়াবহ পাহাড়ধসে একজনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে কক্সবাজারসহ ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড়ধস রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে দলটি।
সোমবার (৬ জুলাই) দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ধসের ঘটনায় মানুষের প্রাণহানি ঘটলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা অত্যন্ত উদ্বেগজনক। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা এবং আশ্রয়শিবিরে বসবাসকারী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তাঁরা আহতদের দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ, নিরাপদ আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে আগাম সতর্কতা জোরদার, বাসিন্দাদের নিরাপদ স্থানে স্থানান্তর এবং টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।



