জম্মু ও কাশ্মিরের মানচিত্র নিয়ে ঢাকায় ভারত-পাকিস্তানের কূটনীতিকদের বাহাস

ঢাকায় সার্কের পুনরুজ্জীবন সংক্রান্ত একটি সেমিনারে জম্মু ও কাশ্মীরের মানচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের দুই কূটনীতিকের মধ্যে আপত্তি, পাল্টা জবাব ও বাহাসের ঘটনা ঘটেছে।
সোমবার (৬ জুলাই) ‘বিশ্বাস পুনঃস্থাপন ও আঞ্চলিক সংহতি নবায়ন: সার্ককে পুনরুজ্জীবিত করার পথ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজের উপদেষ্টা ও দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার তারিক এ করিম।
উপস্থাপক তাঁর বক্তব্য চলাকালীন দক্ষিণ এশিয়ার একটি মানচিত্র প্রদর্শন করলে সেখানে জম্মু ও কাশ্মির অংশ নিয়ে আপত্তি তোলেন অনুষ্ঠানে উপস্থিত ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক ও তথ্য) পূজা কুমারী ঝা। তিনি উপস্থাপকের বক্তব্য চলাকালেই হাত তুলে বলেন, “এখানে ভারতের যে মানচিত্র দেখানো হয়েছে, তা সঠিক নয়। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই উপস্থাপিত মানচিত্রটি সঠিক নয় বলে আমি মনে করি।”
জবাবে প্রবন্ধ উপস্থাপনকারী সাবেক রাষ্ট্রদূত তারিক এ করিম বলেন, মানচিত্রটি শুধু উপস্থাপনার সুবিধার্থে ব্যবহার করা হয়েছে এবং এটি প্রকৃত সীমারেখা নির্দেশ করে না।
পরে পূজা কুমারী ঝা আবারও বলেন, “আমি বুঝতে পারছি, স্যার। কিন্তু জম্মু ও কাশ্মীরকে আমরা ভারতের অংশ হিসেবে দেখি এবং এখানে সেটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তাই বিষয়টি শুধু উল্লেখ করতে চেয়েছি।” এর জবাবে তারিক করিম জানান, বিষয়টি নথিভুক্ত করা হলো।
ভারতীয় কূটনীতিকের এই বক্তব্যের পর অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ তাৎক্ষণিক পাল্টা জবাব দিতে শুরু করেন। এ বিষয়ে তাঁর আরও কিছু বলার আছে জানিয়ে তিনি উপস্থাপকের কাছে আলাদা সময় দাবি করেন।
জবাবে রাষ্ট্রদূত তারিক এ করিম পাকিস্তানের কূটনীতিকের উদ্দেশে বলেন, “আপনি এ বিষয়ে কথা বলতে চাইলে আমাদের বক্তব্য শেষে বলতে পারবেন।” তবে মূল বক্তব্য শেষ হওয়ার পর পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারকে আর এ বিষয়ে নতুন করে কথা বলতে দেখা যায়নি।
উক্ত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নিলয় রঞ্জন বিশ্বাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত পররাষ্ট্রসচিব শামসুল হক প্যানেল আলোচক হিসেবে অংশ নেন।



