আজ কোমে নেওয়া হবে খামেনির মরদেহ, রয়েছে বিশাল শোক র‍্যালি

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ আজ মঙ্গলবার পবিত্র কোম শহরে নেওয়া হবে। সেখানে তাঁর জানাজার নামাজ সম্পন্ন হওয়ার পর একটি বিশাল শোক র‍্যালির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কোমের গভর্নর জেনারেল আকবর বেহনামজু জানান, শহীদ নেতার জানাজার নামাজ মঙ্গলবার সকাল ৬টায় পবিত্র জামকারান মসজিদে অনুষ্ঠিত হবে। এই জানাজায় রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতি হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, কোম শহরে সব ধরনের আনুষ্ঠানিকতা ও আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জানাজা শেষে একটি বিশাল শোক র‍্যালি পায়াম্বার-এ আজম বুলেভার্ড থেকে শুরু হয়ে হযরত মাসুমেহ (আ.)-এর মাজারের দিকে অগ্রসর হবে।

এর আগে সোমবার স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে একটি বিশাল শোক র‍্যালির আয়োজন করা হয়েছিল। এই কমপ্লেক্সে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির মরদেহ দুই দিন রাখা হয়।

আয়োজকদের মতে, তেহরানের এই শোক র‍্যালিটি সম্পন্ন করতে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা সময় লেগেছে। এটি দামাভান্দ স্ট্রিট, ইমাম হুসেন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার এবং মেহরাবাদ বিমানবন্দরের কাছে অবস্থিত শহীদ লাশগরি হাইওয়ে হয়ে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে।

গত রোববার ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তাঁর জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনির জানাজার নামাজে ইমামতি করেন।

ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান ও তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা খামেনির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এ ছাড়া বিভিন্ন দেশের প্রতিনিধিদলও শ্রদ্ধা জানাতে তেহরানে এসে পৌঁছেছে।

মঙ্গলবার পবিত্র কোম শহরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর, বুধবার (৮ জুলাই) তাঁর মরদেহ ইরাকে নেওয়া হবে। সেখানে নজফে ইমাম আলীর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হযরত আব্বাসের মাজারে মরদেহ নিয়ে শোক মিছিল করা হবে। এরপর খামেনির শেষ ইচ্ছানুযায়ী, আগামী ৯ জুলাই ইরানের মাশহাদে অবস্থিত ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাঁকে সমাহিত করা হবে।

সূত্র: আইআরএনএ

Related Articles

Back to top button